তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বাংলাদেশকে বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হিসেবে বর্ণনা করে এই সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বৌদ্ধধর্মীয় উত্সব প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সভা ও ফানুস উত্সবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী বৌদ্ধ ধর্মের সবাইকে প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছা জানান ও দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তথ্যমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক পাকিস্তান থেকে বেরিয়ে এসে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হয়েছে। সেই লক্ষ্যেই আমরা মুক্তিযুদ্ধ করেছি। সব ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িকতা ও উন্নয়ন-সমৃদ্ধির প্রতীক। তিনি বলেন, এর আগে কোনো বৌদ্ধ ব্যক্তিত্ব প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ছিলেন না, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সেটি করেছেন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে তার বিশেষ সহকারী ও দলের দপ্তর সম্পাদক—দুই পদেই রেখেছেন।
আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের নির্বাহী সভাপতি অশোক বড়ুয়া, বাংলাদেশের বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি ইঞ্জি: দিব্যেন্দু বিকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সুনন্দপ্রিয় বড়ুয়া, বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান সুপ্তবসন বড়ুয়া, বাড্ডা ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুম গণি তাপস, বাড্ডা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ সভায় বক্তব্য রাখেন।