প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ছিলেন মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির বলিষ্ঠ কণ্ঠস্বর। তার মৃত্যু আইন ও বিচারাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। গতকাল বৃহস্পতিবার বাদ আসর রাজধানীর বেইলি রোডে অ্যাটর্নি জেনারেলের সরকারি বাসভবনে আয়োজিত কুলখানিতে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, মাহবুবে আলমের নম্রতা, ভদ্রতা ছিল সবার জন্য অনুকরণীয়। কখনো তিনি মেজাজ হারাননি। মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার কারণে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। বিভিন্ন মামলার শুনানিতে তিনি সরকারকে ডিফেন্ড করতেন। কাউকে ছাড় দিতেন না।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, উনি ভালো মানুষ ছিলেন। সব সময় হাস্যোজ্জ্বল থাকতেন। তার ছিল ধৈর্য ও পেশাদারিত্ব।
অনুষ্ঠানে বিমান ও পর্যটনমন্ত্রী মাহবুব আলী, হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। কুলখানিতে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের আইন কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মাহবুবে আলমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।