বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট বিতর্কের নিয়ম

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্কের নিয়মে পরিবর্তন আসছে। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিতর্কের আয়োজক দ্য কমিশন অব প্রেসিডেন্সিয়াল ডিবেট (সিপিডি) এ তথ্য জানিয়েছে। বিতর্কে বিশৃঙ্খলা এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন জানিয়েছে। খবর বিবিসির।

সিপিডি জানিয়েছে, বিতর্কের মধ্যে কোনো প্রার্থী বাধা দিলে তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হবে। স্থানীয় সময় মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার) অনুষ্ঠিত বিতর্কে একে অপরের প্রতি কটাক্ষ এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের কথার মধ্যে বাধা দেন। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। সঞ্চালকও বিব্রত হন। এমন পরিস্থিতি এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপাবলিকানরা নতুন নীতির সমালোচনা করেছেন। মঙ্গলবারের বিতর্ক নিয়ে এক হিসাবে দেখা গেছে, ট্রাম্প বাইডেনের কথার মধ্যে ৭৩ বার বাধা দিয়েছেন। বাইডেন কথা বলেছেন ৪৩ মিনিট এবং ট্রাম্প বলেছেন ৩৮ মিনিট। সবচেয়ে বেশি কথা হয়েছে (২০ মিনিট) করোনা ভাইরাস নিয়ে।