লেভানডোভস্কি সেরা ফুটবলার

মেসি-রোনালদোর দেখা হচ্ছে গ্রুপ পর্বেই

আবারও লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দেখা হচ্ছে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেই। কারণ বার্সেলোনা ও জুভেন্তাস একই গ্রুপে পড়েছে। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ‘এ’ গ্রুপে শক্ত প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। রিয়াল মাদ্রিদ ‘বি’ গ্রুপে পড়েছে ইন্টার মিলানের সঙ্গে।

করোনা মহামারির কারণে সুইজারল্যান্ডের জেনেভায় গতকাল বৃহস্পতিবার রাতে ক্লাব কর্মকর্তাদের অনুপস্থিতিতেই উয়েফার চ্যাম্পিয়নস লিগ ড্র অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্বের খেলাগুলো শুরু হবে ২০ অক্টোবর থেকে। অন্যদিকে ২৯ মে ইস্তাম্বুলের আতাতুর্ক স্টেডিয়ামে হবে ইউরোপের সর্বোচ্চ এই ক্লাব টুর্নামেন্টের ফাইনাল।

এদিকে প্রথমবারের মতো ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন বায়ার্ন ফরোয়ার্ড রবার্ট  লেভানডোভস্কি। একই অনুষ্ঠানে পুরস্কার জয়ের পথে ৩২ বছরের এই পোল্যান্ড স্ট্রাইকার হারান ক্লাবের সঙ্গী ম্যানুয়েল ন্যায়ার ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনকে।

লেভানডোভস্কি গত মৌসুমে ৪৭ খেলায় ৫৫ গোল করেন। তার এ নৈপুণ্যে চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি ঘরোয়া লিগ ও জার্মান কাপ জেতে বায়ার্ন।

জার্মান ক্লাবটির হ্যান্সি ফ্লিক জিতেছেন ইউরোপসেরা কোচের পুরস্কার। তার অধীনেই ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতে বায়ার্ন।

 

কে কোথায় :

গ্রুপ এ :বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদ, সালজবার্গ, লোকোমোটিভ মস্কো।

গ্রুপ বি :রিয়াল মাদ্রিদ, শাখটার ডনেটস্ক, ইন্টার মিলান ও বরুশিয়া মুনশেনগ্লাডবাখ।

গ্রুপ সি :পোর্তো, ম্যানচেস্টার সিটি, অলিম্পিয়াকোস ও মার্সেই।

গ্রুপ ডি :লিভারপুল, আয়াক্স, আটালান্টা ও মিডজিল্যান্ড।

গ্রুপ ই :সেভিয়া, চেলসি, ক্রান্সনোদার ও রেনে।

গ্রুপ এফ :জেনিট সেন্ট পিটার্সবার্গ, বরুশিয়া ডর্টমুন্ড, ল্যাজিও, ক্লাব ব্রুজ।

গ্রুপ জি :জুভেন্তাস, বার্সেলোনা, ডায়নামো কিয়েভ, ফেরেংকভারোস।

গ্রুপ এইচ :পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিপজিগ ও ইস্তাম্বুল বাসেকসাহির।