যশোরে দিনে-দুপুরে থানার ১০০ গজের মধ্যে ব্যাংকের সামনে বোমা ফাটিয়ে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় জড়িত পাঁচ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকাল থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে ২ লাখ ৪৮ হাজার টাকা, দুইটি চাকু, ব্যাগ ও ছিনতাইয়ের কাজে ব্যবহূত মোটরসাইকেল। অন্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
আটককৃতরা হলো—যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার শফি দারোগার বাড়ির ভাড়াটিয়া ফরিদপুর জেলার মুনসুর মোল্যার ছেলে টিপু (২৪), শহরের বারান্দি মোল্লাপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে সাঈদ ইসলাম ওরফে শুভ (২৪), ধর্মতলা হ্যাচারিপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে বিল্লাল হোসেন ওরফে ভাগনে বিল্লাল (২২), সিটি কলেজ ব্যাটারিপট্টি এলাকার নিজাম উদ্দিনের ছেলে রায়হান (২৮) ও পূর্ব বারান্দি মালোপাড়া এলাকার মুফতি আলী হুসাইনের ছেলে ইমদাদুল হক (২১)। এই টাকা লুটের ঘটনার মূল পরিকল্পনাকারী টিপু এবং পরিকল্পনা বাস্তবায়নকারী জামাই রাজ্জাক ফকির (আটক হয়নি)। গতকাল দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে চাঞ্চল্যকর ও লোমহর্ষক এই ছিনতাইয়ের ঘটনা নিয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার আশরাফ হোসেন। তিনি বলেন, এই অপরাধীরা একজন গডফাদারের ছত্রছায়ায় থাকে। এই ছিনতাইয়ের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পেলে তাকেও আইনের আওতায় আনা হবে।