তাড়াশে গৃহবধূর মৃত্যু: আসামিদের গ্রেফতার না করার অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে তানজিলা খাতুন (২৪) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যার গুজব ময়নাতদন্তে হত্যাকাণ্ড বলে প্রমাণিত হয়। সেই হত্যাকাণ্ডের আসামীদের গ্রেফতার না করার অভিযোগ তুলেছেন গৃহবধূ তানজিলার বাবা ও মামলার বাদী রেজাউল করিম।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার সগুনা ইউনিয়নের নওখাঁদা গ্রামের রেজাউল করিমের মেয়ে তানজিলা খাতুনের বিয়ে হয় একই ইউনিয়নের লালুয়ামাঝিরা গ্রামের মোজদার মণ্ডলের ছেলে বাবলু মণ্ডলের সাথে। বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে তানজিলাকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। শেষ পর্যন্ত এ বছর জুলাই মাসের ৮ তারিখে ৪ মাসের অন্তঃসত্ত্বা তানজিলাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন তারা। 

এ ঘটনায় ১৩ জুলাই তানজিলার স্বামী বাবলু মন্ডল, শ্বশুর মোজদার মণ্ডল, ভাশুর হাকিম মণ্ডল, মিলন ও বেদেনা খাতুনকে আসামী করে তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। 

আরো পড়ুনঃ করোনা ভাইরাস : আরো ৩৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯৬

গৃহবধূ তানজিলার বাবা ও মামলার বাদী রেজাউল করিম অভিযোগ করেন, হত্যাকারীরা তানজিলার মরদেহ তার নিজ ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখেন। পরে তাড়াশ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠান। ময়নাতদন্ত প্রতিবেদনেও এটি হত্যাকাণ্ড বলে প্রমাণিত হয়। অথচ সেই হত্যাকাণ্ডের ৩ মাস পেরিয়ে গেলেও একজন আসামীকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ।  

এ প্রসঙ্গে তাড়াশ থানার উপ-পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম দৈনিক ইত্তেফাককে বলেন, আসামীরা এলাকার বাইরে পালিয়ে রয়েছেন। তাদের গ্রেফতারের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। 

ইত্তেফাক/এমএএম