বিনোদন ডেস্ক
জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত র্যাপার বাদশার গেন্দাফুল নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছিল। গানের আসল মালিক রতন কাহারের নাম এতে উল্লেখ করেনি প্রযোজনা প্রতিষ্ঠান সনি মিউজিক। বয়োজ্যেষ্ঠ এ গীতিকারকে অবজ্ঞা করায় এটি নিয়ে তোলপাড় শুরু হয় ভারতব্যাপী। সমালোচনার মুখে পড়েন র্যাপার বাদশা। এবার সেই অবহেলারই পুরস্কার যেন পাচ্ছেন রতন কাহার। কলকাতার সংগীত পরিচালক-তবলা বাদক বিক্রম ঘোষ ও পরিচালক অরিন্দম শীল তৈরি করছেন নতুন ‘গেন্দা ফুল’। এতে এক ফ্রেমে হাজির হচ্ছেন জ্যাকুলিন, রতন কাহার ও কলকাতার দেবলীনা। আর এ উদ্যোগটি নিয়েছে একই প্রতিষ্ঠান সনি মিউজিক। তাদের তরফ থেকে বিক্রম ঘোষের কাছে এই প্রস্তাব আসে। বলা হয়, ‘গেন্দা ফুল’-এর একটি তবলা মিক্স করতে হবে। ভারতীয় সংবাদমাধ্যমকে বিক্রম বলেন, ‘ডিজে মিক্স হয় শুনেছি, রিমিক্স শুনেছি। কিন্তু তবলা বিট মিক্স! তখনই ঠিক করি যদি এটা তবলা মিক্স হয় তবে রতন কাহারকে দিয়েই গাওয়াবো।’ বিষয়টি নিয়ে খানিকটা দ্বিধায় ছিলেন বিক্রম। কারণ রতন কাহার আদৌ কাজটি করবেন কি-না সে বিষয়ে সন্দেহ ছিল। তবে সে আশঙ্কা দূর হয়েছে। কারণ এই গীতিকবি গান ও ভিডিওতে অংশ নিয়েছেন সম্প্রতি।