স্পোর্টস ডেস্ক
২০২০-২১ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র নির্ধারিত হয়েছে গত বৃহস্পতিবার। যাতে গ্রুপ পর্বে প্রথমবারের মতো লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ নিশ্চিত হয়েছে। এর প্রতিক্রিয়ায় দুই দলই নিজেদের গ্রুপকে কঠিন হিসেবেই দেখছে।
প্রতিযোগিতার ‘জি’ গ্রুপে জুভেন্তাস ও বার্সেলোনা ছাড়াও আছে ডায়নামো কিয়েভ ও হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেঙ্কভারোস। জুভেন্তাস সহসভাপতি পাভেল নেদভেদ জানালেন, বার্সা ম্যাচটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলেও মনোযোগী হতে হবে প্রতিটি ম্যাচেই।
তিনি বললেন, ‘বার্সেলোনা ম্যাচটা বড় চ্যালেঞ্জ হবে কারণ দুই দলে থাকবেন আমার চোখে দুই বিশ্বসেরা খেলোয়াড় রোনালদো ও মেসি। এদিকে কিয়েভও নিখুঁত দল। হাঙ্গেরিয়ানরা চ্যাম্পিয়ন্স লিগে স্বাভাবিক প্রতিপক্ষ নয়। তবে তাদের বেশ কিছু প্রতিভা আছে। আর তাই মনোযোগী হতে হবে প্রতিটি ম্যাচেই।’
এদিকে বার্সা কোচ রোনাল্ড কোম্যানের প্রতিক্রিয়া, ‘আমরা জানি জুভেন্তাস সেখানে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হবে। আশা করছি এটা পার করতে পারব আমরা। আমাদের করে দেখাতেই হবে।’
অপরদিকে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ‘এ’ গ্রুপে শক্ত প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে, গ্রুপের অন্য দুই দল সালজবার্গ ও লোকোমোটিভ মস্কো। রেকর্ড ১৩ বারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ ‘বি’ গ্রুপে পড়েছে ইন্টারমিলানের সঙ্গে, থাকছে শাখটার ডনেটস্ক আর বরুশিয়া মুনশেনগ্লাডবাখও।
রিয়াল মাদ্রিদ কিংবদন্তি এমিলিও বুত্রাগুয়েনো এমন ড্রয়ের পর দলকে সতর্কই করে দিলেন। বললেন, ‘ছয়টা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচই হতে যাচ্ছে। প্রতিযোগিতায় যে কোনোবার পা হড়কালেই তা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।’
সি গ্রুপে ম্যানচেস্টার সিটি পেয়েছে পোর্তো, অলিম্পিয়াকোস ও মার্সেইকে। ডি গ্রুপে আছে লিভারপুল, তাদের গ্রুপসঙ্গী আয়াক্স, আটালান্টা ও মিডজিল্যান্ড। কাছাকাছি দূরত্বের প্রতিপক্ষ পাওয়ায় কোচ য়ুর্গেন ক্লপ স্বস্তি প্রকাশ করে বলেছেন, ‘ভ্রমণ করা নিয়ে আমি ভাবিনি তবে ইতালি, হল্যান্ড, ডেনমার্ক খুব বেশি দূর নয়।’
গেল মৌসুমের ইউরোপা চ্যাম্পিয়ন সেভিয়া ই গ্রুপে আছে চেলসির সঙ্গে, গ্রুপের বাকি দুই দল ক্রান্সনোদার ও রেনে। এফ গ্রুপে আছে জেনিট সেন্ট পিটার্সবার্গ, বরুশিয়া ডর্টমুন্ড, ল্যাজিও, ক্লাব ব্রুজ। এদিকে পিএসজি, ম্যানচেষ্টার ইউনাইটেড আর লিপজিগকে নিয়ে গড়া এইচ গ্রুপকে ধরা হচ্ছে মৃত্যুকূপ হিসেবে, এদের সঙ্গে আছে ইস্তাম্বুল বাসেকসাহিরও।
করোনা মহামারির কারণে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এই ড্রতে ছিলেন না ক্লাব কর্মকর্তারা। মহামারির কারণেই কমে আসছে গ্রুপ পর্বের সময়। ২০ অক্টোবর শুরু হয়ে প্রথম তিনটি খেলা হবে তিন সপ্তাহে। মধ্যে বিরতি দিয়ে নভেম্বর আর ডিসেম্বরে তিন সপ্তাহে হবে ফিরতি লেগের খেলাগুলো। ফাইনাল হবে আগামী বছর ২৯ মে। ভেন্যু হবে ইস্তাম্বুলের আতাতুর্ক স্টেডিয়াম।