স্পোর্টস রিপোর্টার
আজ অনুষ্ঠেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে ২১টি পদের জন্য সর্বমোট ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এতে কাজী সালাহউদ্দীনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদের ২১ জন ও তার বিরোধী সমন্বয় পরিষদের প্রার্থী আছেন ১৯ জন। বাকি ৯ জন স্বতন্ত্র প্রার্থী।
সভাপতি পদে লড়ছেন কাজী সালাহউদ্দীন ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মানিক। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর প্রত্যাহারপত্র জমা দেওয়ায় ব্যালটে থাকবেন আরেক স্বতন্ত্র প্রার্থী বাদল রায়। সিনিয়র সহসভাপতি পদে লড়াইটা হবে সমন্বয় পরিষদের শেখ মো. আসলাম ও সম্মিলিত পরিষদের আব্দুস সালাম মুর্শেদীর মধ্যে।
সহসভাপতির চার আসনে প্রার্থী হিসেবে আছেন স্বতন্ত্র হিসেবে তাবিথ আউয়াল, সম্মিলিত পরিষদের কাজী নাবিল আহমেদ, আমিরুল ইসলাম বাবু, আতাউর রহমান মানিক, ইমরুল হাসান এবং সমন্বয় পরিষদের আব্দুল্লাহ আল ফুয়াদ, মহিউদ্দিন আহমেদ ও শেখ মুহম্মদ মারুফ হাসান।
বাফুফের কার্যনির্বাহী কমিটিতে ১৫টি সদস্য পদে লড়ছেন ৩৬ প্রার্থী। এদের মধ্যে একমাত্র নারী সম্মিলিত পরিষদের মাহফুজা আক্তার কিরণ। অন্যরা হলেন—সমন্বয় পরিষদের আমিনুল হক মামুন, আব্দুল ওয়াদুদ, টিপু সুলতান, মনজুরুল আহসান, মহিদুর রহমান মিরাজ, মিজানুর রহমান, সাব্বির হোসেন, আমের খান, আরিফ হোসেন মুন, ইমতিয়াজ সুলতান জনি, ফজলুর রহমান, সাইফুল ইসলাম, হাসানুজ্জামান বাবলু, শাকিল মাহমুদ, মোস্তাক আলী মুকুল। সম্মিলিত পরিষদ থেকে আছেন হারুনুর রশিদ, শওকত আলী খান জাহাঙ্গীর, মাহফুজা আক্তার কিরণ, সত্যজিত দাশ রুপু, ইলিয়াস হোসেন, বিজন বড়ুয়া, ইকবাল হোসেন, অমিত খান শুভ্র, মাহিউদ্দিন সেলিম, জাকির হোসেন চৌধুরী, রিয়াজুল করিম, কামরুল হাসান, ইমতিয়াজ হামিদ সবুজ, আসাদুজ্জামান মিঠু, নুরুল ইসলাম নুরু। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন সাখাওয়াত হোসেন ভুঁইয়া শাহিন, সাইফুর রহমান মনি, হাজী রফিক, রায়হান কবির, মো. ইলিয়াস হোসেন ও সাইদুর রহমান মানিক।
হোটেল সোনারগাঁঁওয়ে সকালে সাধারণ সভা শেষে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটপর্ব।