আয়ারল্যান্ডের আমন্ত্রণে বিসিবির ‘না’

জান-ই-আলম

শ্রীলঙ্কা সফর দ্বিতীয়বার স্থগিত হওয়ার মধ্য দিয়ে চলতি বছরে বাংলাদেশ দলের আর কোনো আন্তর্জাতিক সিরিজ রইল না। তবে চলতি বছরেই করোনাকালে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ ছিল বাংলাদেশ দলের সামনে। আমন্ত্রণপত্র পাঠিয়েছিল আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। আইরিশদের প্রস্তাব ছিল কয়েকটি দেশ নিয়ে টি-২০ সিরিজ খেলার। ডিসেম্বরে এই সিরিজ খেলতে বাংলাদেশকেও আমন্ত্রণ জানিয়েছিল তারা।

যদিও এই প্রস্তাবে সাড়া দেয়নি বিসিবি। ডিসেম্বরে ঘরোয়া ক্রিকেট চালু করতে চায় বিসিবি। সেই লক্ষ্যেই ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছে। তারপর করপোরেট লিগ হতে পারে। ডিসেম্বরে ঘরোয়া ক্রিকেট মাঠে নামানোই বিসিবির ইচ্ছা। কারণ জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজটাকেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মঞ্চ হিসেবে টার্গেট করছে বিসিবি।

গতকাল জানতে চাইলে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘আয়ারল্যান্ড টি-২০ করার চিন্তাভাবনা করতেছিল। এমনি তিন-চারটা দেশ মিলে ওরা প্ল্যান দিছে।’

আইরিশদের প্রস্তাব গ্রহণ করেনি বিসিবি। গতকাল বিসিবির এই পরিচালক বলেছেন, ‘আমরা যাচ্ছি না। আমরা ডিসেম্বরে ঘরোয়া ক্রিকেট চালু করব। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ আসবে। ওটার চেয়ে এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য।’

যদিও ডিসেম্বরে আন্তর্জাতিক সিরিজ খেলার আশায় রয়েছেন বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো। গতকাল অনলাইনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই প্রোটিয়া কোচ বলেছেন, ‘প্রায় সাত মাস হয়ে গেছে দলটা এক সঙ্গে খেলেছে এবং জিম্বাবুয়ে সিরিজের পর মনে হয়েছিল আমরা ভালো এগিয়েছি। বিসিবি কিছু ঘরোয়া লিগ করবে। দেশের বাইরে থেকে এক-দুইটা আমন্ত্রণ রয়েছে হয়তো ডিসেম্বরে ক্রিকেট খেলার জন্য। কিছুই এখনো চূড়ান্ত হয়নি।’

গত মে মাসে ওয়ানডে, টি-২০ খেলতে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল টাইগারদের। করোনার কারণে সিরিজটি স্থগিত করে আইরিশরা। সম্প্রতি পাঠানো টি-২০ সিরিজের প্রস্তাবটি অবশ্য সম্পূর্ণ নতুন পরিকল্পনা, স্থগিত হওয়া সিরিজের অংশ নয়।