স্পোর্টস ডেস্ক
শেষ পাঁচ মৌসুম ধরেই সেলটা ভিগোর মাঠ বালাইদোস ছিল বার্সেলোনার জন্যে বড় এক বাধার নাম। তিন জন ভিন্ন কোচের অধীনে পাঁচ ম্যাচ খেলেও জয়হীন ছিল যে দলটি! সে কঠিন কাজটাই নিজের দ্বিতীয় প্রতিযোগিতামূলক ম্যাচেই করে দেখিয়েছেন কোচ রোনাল্ড কোম্যান। প্রায় ৫০ মিনিট ১০ জনের দল নিয়েও ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছেড়েছেন লিওনেল মেসিরা।
শেষ পাঁচ বছরে এই মাঠেই সেলটার কাছে বার্সেলোনা চার গোল হজম করার নজির আছে কমপক্ষে দুই বার। গেল মৌসুমে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ড্র করে শিরোপার দৌড় থেকে ছিটকে পড়ার স্মৃতিটা তো এখনো তরতাজা! তার ওপর তীব্র বৃষ্টি আর দমকা হাওয়া কাজটা আরো কঠিনই করে তুলেছিল কাতালানদের কাজটা।
সেটাই সহজে পরিণত হয় ১১ মিনিটে, ফেলিপে কোটিনহোর জোগান থেকে আনসু ফাতির গোলে। বিরতির ঠিক আগে ক্লেমেন্ত লংলে লাল কার্ড দেখলে আবারও পয়েন্ট খোয়ানোর শঙ্কা ভর করে বার্সা শিবিরে। তবে বিরতির ঠিক পর মেসির ক্রস সেলটা ডিফেন্ডার লুকাস ওলাজার পা ছুঁয়ে জালে জড়ালে ব্যবধান বাড়ায় বার্সা, উবে যেতে শুরু করে সব শঙ্কাও। ম্যাচের অন্তিম সময়ে আবারও মেসি-জাদু। চার ডিফেন্ডারকে ছিটকে করা তার শট স্বাগতিক গোলরক্ষক ঠেকালেও সার্জি রবার্তোর ফিরতি চেষ্টায় ৩-০ গোলের জয় পায় কাতালানরা।
কঠিন এই ম্যাচের পর কোচ কোম্যানের প্রতিক্রিয়া, ‘আজকের ম্যাচের এই দল নিয়ে আমি বেশ গর্বিত। আমরা এক জন কম নিয়ে খেলেও জিতেছি। ভালো কাজই করছি। এমন ফলাফল আমাদের ভাবতে বাধ্য করছে যে, আমরা ঠিক পথেই আছি।’