এমিরেটস এয়ারলাইনসকে যুক্তরাষ্ট্রে ৪ লাখ ডলার জরিমানা

 

সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনসকে ৪ লাখ ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ। গত বছর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যে তেহরানের আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনা করায় এই জরিমানা করা হয়। তবে বৃহস্পতিবার মার্কিন কর্তৃপক্ষের ওই ঘোষণায় জানানো হয়েছে আগামী এক বছরের মধ্যে ওই আকাশসীমা পুনরায় লঙ্ঘন না করলে এমিরেটসের জরিমানা অর্ধেক মওকুফ করে দেওয়া হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

গত বছর ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করে ইরান। এর জেরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ) ওমান উপসাগর, উপসাগর এবং ইরানের আকাশসীমায় বিমান উড্ডয়ন নিষিদ্ধ করে। এফএএ জানায়, ইরানের সঙ্গে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ঐ এলাকায় যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট বেসামরিক বিমানকেও ভুলভাবে সামরিক বিমান হিসেবেও চিহ্নিত করার ঝুঁকি তৈরি হয়েছে।

তার পরও ২০১৯ সালের জুলাই মাসে ওই এলাকা দিয়ে ১৯ দিন ফ্লাইট পরিচালনা করে এমিরেটস এয়ারলাইনস। জরিমানা করা মার্কিন পরিবহন দপ্তর জানিয়েছে, এসব ফ্লাইট নিউ ইয়র্ক-ভিত্তিক জেটব্লু এয়ারওয়েজের কোড বহন করছিল।