সেনাবাহিনীর সমালোচনা করায় পাক নারী আইনজীবীকে পৈশাচিক নির্যাতন 

পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলায় দেশটির এক নারী আইনজীবীকে পৈশাচিক  নির্যাতনের অভিযোগ উঠেছে। জানা যায়, ওই নারী আইনজীবীকে অজ্ঞাত কয়েকজন তুলে নিয়ে যায়, এরপর কয়েকদিন ধরে তার ওপর চলে নির্যাতন। এরপর শোচনীয় অবস্থায় পাঞ্জাবের মাইলসি এলাকায় স্থানীয়রা তাকে খুঁজে পায়।   

আরিফ আজাকিয়া নামে এক মানবাধিকার কর্মীর শেয়ার করা ভিডিও থেকে জানা যায়, ঐ নারী পাকিস্তানের সেনার বিরুদ্ধে তুমুল সমালোচনামূলক বক্তৃতা দেয়। 

বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, পুলিশ জানিয়েছে গত ১৪ আগস্ট ঐ নারী আইনজীবীকে তার অফিস থেকে অজ্ঞাত কয়েকজন অপহরণ করে। এরপর আধা-অচেতন ও হাত পা বাধা অবস্থায় মাইলশির ধোদার কাছে একটি মাঠে পাওয়া যায়।  

আজাকিয়ার শেয়ারকৃত ভিডিও থেকে আরো জানা যায়, ওই আইনজীবী ছয় বছর বয়সী এক সন্তানের মা।  ওই আইনজীবী জানান, দিপালপুরের বাসিন্দা তিনি এবং নিশ্চিত করেছেন তাকে চারজন ব্যক্তি অপহরণ করার পর নির্যাতন করে একটি মাঠে ফেলে দিয়ে গেছে।    

জেলা পুলিশ অফিসার জানিয়েছে, ঐ নারীকে দিপালপুর তেহসিল হেডকোয়ার্টার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে অপহরণের মামলাও দায়ের করা হয়েছে। 

দেশটিতে সেনাবাহিনীর বিরুদ্ধে কেউ কথা বললে এমন নির্যাতনের বহু অভিযোগ আছে বলে খবরে বলা আছে। সেইসঙ্গে দেশটির সরকার সেনাবাহিনীর নিছক 'পুতুল' মাত্র বলে সমালোচনাকারীদের অভিযোগ।  দি জেনেভাডেইলি 

ইত্তেফাক/এসআর