দেশে করোনা ভাইরাসে এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৩০৫ জন। এর মধ্যে ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম মারা গেছেন।ত্ ময়মনসিংহ বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ১১১ জন। সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ২ হাজার ৬৬৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১ হাজার ৮৪ জন চট্টগ্রাম বিভাগের, ৩৫৩ জন রাজশাহী বিভাগের, ৪৩৬ জন খুলনা বিভাগের, ১৮৮ জন বরিশাল বিভাগের, ২৩১ জন সিলেট বিভাগের ও ২৩৯ জন রংপুর বিভাগে মারা গেছেন।
গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৯৬ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৫৪৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৭৮ হাজার ৬২৭ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৯টি ল্যাবে ১১ হাজার ১৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৭০ হাজার ২৫১টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৪৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৮ দশমিক ৬০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ০৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ জন, নারী ৮ জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৩ জনের মধ্যে বিশোর্ধ্ব এক জন, ত্রিশোর্ধ্ব এক জন, চল্লিশোর্ধ্ব এক জন, পঞ্চাশোর্ধ্ব সাত জন এবং ষাটোর্ধ্ব ২৩ জন। ২১ জন ঢাকা বিভাগের, ৬ জন চট্টগ্রাম বিভাগের, ৩ জন রাজশাহী বিভাগের এবং ১ জন করে মোট ৩ জন খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।