গোদাগাড়ীতে অ্যাসিডে স্ত্রীর মুখ ঝলসে দিল স্বামী!

রাজশাহীর গোদাগাড়ীতে এসিড ছুড়ে এক গৃহবধূর মুখ ঝলসে দিয়েছে স্বামী। শুক্রবার ভোরে উপজেলার রাণীনগর গ্রামে বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ঐ গৃহবধূকে ভোর ৫টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আহত গৃহবধূ মাহবুবা খাতুন (১৫) ঐ গ্রামের ট্রাকচালক মাবুদ আলীর মেয়ে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।

জানা যায়, প্রায় দেড় বছর আগে পরিবারের অমতে উপজেলার কুমরপুর গ্রামের ট্রাকের হেলপার মুরাদ আলীকে ভালোবেসে বিয়ে করে মাহবুবা। কিন্তু কয়েক মাস ধরে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। যে কারণে মাহবুবা রাণীনগর গ্রামে তার বাবার বাড়িতে থেকে আগামী বছরের এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল বলে জানা যায়। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, ভালোবেসে বিয়ে করলেও পরে মাহবুবা আর মুরাদের সঙ্গে সংসার করতে চায়নি। তাই বাবার বাড়িতেই থাকত। বৃহস্পতিবার রাতে মাহবুবা তার মা ও ভাইয়ের সঙ্গে একই ঘরে ঘুমাতে যায়। ভোররাতে জানালা দিয়ে মাহবুবার মুখে দাহ্য পদার্থ ছুড়ে মারা হয়। এতে শুধু মাহবুবা আহত হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি আরো জানান, মাহবুবা এবং তার মা মুরাদকে পালিয়ে যেতে দেখেছেন বলে জানিয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। ওসি বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এসিড নিক্ষেপ করা হয়েছে। তবে সেটা নিশ্চিত করে বলা না গেলেও মুখে দাহ্য পদার্থ ছুড়ে মারা হয়েছে।