বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এবং প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে ঘিরে গড়ে উঠা পর্যটন শিল্প ধ্বংস করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)। গতকাল শুক্রবার কক্সবাজার রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড হলরুমে এক সংবাদ সম্মেলনে টুয়াক নেতারা এ অভিযোগ করেন।
সেন্টমার্টিন দ্বীপে পর্যটক সীমিতকরণ এবং রাত্রীযাপন নিষিদ্ধকরণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় করা সংবাদ সম্মেলনে টুয়াক নেতারা বলেন, কয়েক যুগ ধরে চলে আসা পর্যটনের গতি হঠাত্ করে থামিয়ে দেওয়া যায় না। সেন্টমার্টিনকে লক্ষ্য করে অনেক পর্যটক কক্সবাজার আসে। এখন যদি সেন্টমার্টিন যাওয়া রদ বা নিয়ন্ত্রণ করা হয় তবে কক্সবাজার বিমুখ হবে ভ্রমণ পিপাসুরা। দৈনিক ৩ হাজার পর্যটক সেন্টমার্টিন গিয়ে অর্ধেক রাত্রীযাপন ও বাকি অর্ধেক ফিরে এলে সেন্টমার্টিনের প্রতিবেশ ক্ষতির মুখে পড়বে না।
পর্যটনবিষয়ক সিদ্ধান্ত বাস্তবায়নের আগে মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সমূহের প্রতিনিধি, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, কক্সবাজার জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী কমিটির মাধ্যমে সমীক্ষা চালিয়ে প্রতিবেদন তৈরি করে সেন্টমার্টিন পর্যটক সীমিতকরণ, রাত্রিযাপন নিষিদ্ধকরণ, চার্জ আরোপ ও নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ জানান টুয়াকের প্রধান উপদেষ্টা মফিজুর রহমান মফিজ।