শিমুলিয়ায় ২৮ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

২৮ ঘণ্টা পর শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বিকাল পৌনে ৩টায় ফেরি কুমিল্লা শিমুলিয়া ঘাট থেকে কাঠালবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এই নিয়ে গেল ২৯ দিনে পাঁচ দফায় ১৭ দিন বন্ধ থাকার পর আবার সচল হলো ফেরি। শুধু নাব্য সংকটের কারণেই চলছে দেশের প্রধান ফেরি সার্ভিসের এই হাল। চরম বিড়ম্বনায় পড়েছে মানুষ।

বিআইডব্লিউটিসির এজিএম মো. সফিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার নাব্য সংকটের কারণ পৌনে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এরপর ড্রেজিং করে পদ্মা সেতু চ্যানেলটি উপযোগী করে আবার ফেরি চলাচল শুরু করা হলো। দেখা যাক সার্ভিস সচল রাখা যায় কি না। এছাড়া রাতে ফেরি বন্ধ টানা ৩৫ দিন ধরে। যে কদিন দিনের বেলায় ফেরি চলাচল তাও রোরো বা ডাম্প ফেরি চলতে পারেনি। শুধু ছোট আকারের ফেরি চলেছে। মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিআই হিলাল উদ্দিন জানান, শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় যেগুলো রয়েছে তার সবই পণ্যবাহী ট্রাক।