তুরাগে প্যাকেজিং কারখানা পুড়ে ছাই

রাজধানীর তুরাগের নয়ানীচালা তালতলা এলাকায় একটি প্রিন্টিং ও প্যাকেজিং কারখানা পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উত্তরা স্টেশনের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশন অফিসার মো. হানিফ জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৪টার দিকে নয়ানীচালা তালতলা এলাকায় এস এ এস প্রিন্টিং ও প্যাকেজিং কারখানায় আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের ফলে ঐ সেমিপাকা টিনশেড একতলা ভবনের এস এ এস প্রিন্টিং ও প্যাকেজিং কারখানার দুইটি স্টোর রুমের মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ক্ষতিগ্রস্ত এস এ এস প্রিন্টিং ও প্যাকেজিং কারখানার মালিক আলাউদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের ফলে তার কারখানার আর্ট পেপার, হার্ড বোর্ড, প্রিন্টিং মেশিন ও ডিজিটাল মেশিনসহ ছোটবড় প্রায় ১৪টি মেশিন পুড়ে গেছে।