পৃথক সড়ক দুর্ঘটনায় মেডিক্যাল কলেজ ছাত্রসহ ৪ জন নিহত

সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ঝিনাইদহ এবং নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মেডিক্যাল কলেজ ছাত্রসহ চার জন নিহত হয়েছে। এর মধ্যে তিনটি দুর্ঘটনাই মোটরসাইকেলে ঘটেছে। অন্যদিকে টাঙ্গাইলের কালিহাতীতে একটি কাভার্ড ভ্যান রেললাইনে উঠে পড়ায় ট্রেনের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হয়েছে। 

সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জে মালবাহী ড্রাম ট্রাকের চাপায় আরাফাত হোসেন (২৫) নামে এক মেডিক্যাল কলেজছাত্র নিহত হয়েছে। নিহত আরাফাতের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। তিনি শহিদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করার পর ইন্টার্নি করছিলেন। গতকাল শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সদর উপজেলার সয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে সিরাজগঞ্জের দিকে যাওয়ার সময় মহাসড়ক নির্মাণকাজে থাকা মালামালবাহী একটি ড্রাম ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ট্রাকটিকে জব্দ করেছে।

ভ্রাম্যমাণ প্রতিনিধি :ঝিনাইদহের কোটচাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় জহুরুল ইসলাম (৫০) নামের এক ইজিবাইকচালক নিহত হয়েছে। শুক্রবার সকালে কোটচাঁদপুরের দুধসরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া স্টেশন পাড়ার মৃত নুরুল হুদার ছেলে।

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) :সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ফারহানা আক্তার স্বর্ণা (২৩) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার শিমরাইল-আদমজী ইপিজেড-নারায়ণগঞ্জ সড়কের সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। একমাত্র সন্তানকে নিয়ে স্বামী রায়হানের সঙ্গে মোটরসাইকেলে করে ঢাকা যাচ্ছিলেন। যাওয়ার পথে সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ফারহানা সড়কে ছিটকে পড়েন। চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্বামী ও তিন বছরের সন্তান অক্ষত রয়েছেন।

কালিহাতী (টাঙ্গাইল) :ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া নামক স্থানে ট্রেনের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত ও অপর পাঁচ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। কাভার্ড ভ্যানটি রেললাইনে উঠে গেলে সিরাজগঞ্জ এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে। গতকাল সকাল আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।