ডিবি ও সিআইডিসহ পুলিশের আট কর্মকর্তাকে আদালতে তলব

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানায় অপহরণের ছয় বছর ও মামলার চার বছর পর যুবকের আদালতে হাজির হওয়ার ঘটনায় ডিবি ও সিআইডিসহ পুলিশের আট কর্মকর্তাকে তলব করেছে আদালত। গতকাল শুক্রবার বিকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালত এই নির্দেশ দেন।

গত ৩০ সেপ্টেম্বর দুপুরে নারায়ণগঞ্জের একটি আদালতে মামলার বিচারকাজ চলাকালে হাজির হন মামুন নামের ঐ যুবক। ২০১৪ সালের ১০ মে মামুন অপহরণ হয়েছে অভিযোগ এনে দুই বছর পর ২০১৬ সালের ৯ মে ফতুল্লা মডেল থানায় মামলা করেন বাবা আবুল কালাম। ঐ মামলায় ছয় জনকে বিবাদী করা হয়। তাদের বিরুদ্ধে মামুনকে অপহরণের পর গুমের অভিযোগ করা হয়েছিল। ছয় জন বিভিন্ন মেয়াদে কারাভোগও করেন। রিমান্ডেও তাদের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। এ অবস্থায় শুক্রবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালত মামলার এজাহার থেকে চার্জশিট পর্যন্ত ডিবি  ও সিআইডিসহ পুলিশের আট কর্মকর্তা তদন্ত করেছেন তাদের সাত কার্যদিবসের মধ্যে লিখিত তদন্ত প্রতিবেদনসহ আদালতে হাজির হতে বলা হয়েছে।

নারায়ণগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, এই মামলার শুরু থেকে শেষ পর্যন্ত যে আট কর্মকর্তা তদন্ত করেছেন তাদের তলব করেছেন আদালত। মামলাটি যারা তদন্ত করেছেন তারা হলেন, ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান, গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই মিজানুর রহমান, এস আই সফিকুর রহমান, এস আই আশরাফুল ইসলাম, পুলিশ পরিদর্শক মোহাম্মদ আফজাল হোসেন তালুকদার, নারায়ণগঞ্জ সিআইডি এসআই জিয়াউদ্দিন উজ্জলসহ আট কর্মকর্তা।