গাজীপুরে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে লাথিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. আব্দুর রশিদ (৫২)। তিনি ময়মনসিংহের তারাকান্দা থানার নেতারাশি এলাকার ফজর আলীর ছেলে। রশিদ গাজীপুর মহানগরীর কাশিমপুর নয়াপাড়া এলাকায় জনৈক এমারত হোসেনের বাড়িতে ভাড়া থেকে চায়ের দোকান ও সবজি বিক্রি করতেন।
কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা জানান, পাওনা টাকা নিয়ে গত বুধবার রাত ৮টার দিকে কাশিমপুরের জিতার মোড় এলাকার মসজিদের পাশে আব্দুর রশিদ এবং নয়াপাড়া এলাকার নুরুল ইসলাম সুমনের কাথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সুমন সজোরে আব্দুর রশিদের তলপেটে লাথি মারে। এতে আব্দুর রশিদ গুরুত্বর আহত হন। তাকে দ্রুত স্থানীয় কোনাবাড়ির একটি ক্লিনিকে ভর্তি করা হয়। রশিদের অবস্থার অবনতি হলে শুক্রবার বিকালে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন হাসপাতালে নেওয়ার পথে মারা যান আব্দুর রশিদ।