ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পাঁচটি পার্ক ও খেলার মাঠ থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই পাঁচটি পার্ক ও খেলার মাঠ অবৈধ দখলে থাকার কারণে এগুলোর আধুনিকায়ন কাজ ব্যাহত হচ্ছিল। এই উচ্ছেদের কারণে এই পাঁচটি পার্ক ও খেলার মাঠ আধুনিকায়নে আর কোনো বাধা রইল না বলে জানিয়েছে সংস্থাটি।
পার্ক ও মাঠগুলো হচ্ছে, বনানী পূজা মাঠ, বনানী সি ব্লক পার্ক, মোহাম্মদপুর ত্রিকোণ পার্ক, শিয়া মসজিদ পার্ক এবং মোহাম্মদপুর উদয়াচল পার্ক। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএনসিসি। ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম গত ২৮ সেপ্টেম্বর গুলশান শাহাবুদ্দিন আহমেদ পার্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত ‘পরম্পরা’ অনুষ্ঠানে ৩ অক্টোবরের মধ্যে পার্ক ও খেলার মাঠের সব অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। এর পরেই এই উচ্ছেদ অভিযান চালায় সিটি করপোরেশন।