প্রধানমন্ত্রী দুই হাতে প্রণোদনা দিয়েছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণের এই সময় সরকার অনেক প্রণোদনা দিয়েছে। করোনায় মানুষের কাজ-কর্মে অনেক ব্যাঘাত হয়েছে, ব্যবসা-বাণিজ্য করতে পারছে না, যারা দিন আনে দিন খায় তাদের রোজগার বন্ধ হয়ে গেছে। এসব চিন্তা করেই প্রধানমন্ত্রী দুই হাতে প্রণোদনা দিয়েছেন।

শুক্রবার বরিশাল নগরীর চকবাজারস্থ জামে এবায়েদুল্লাহ মসজিদে জুমার নামাজ আদায় শেষে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ’র আশু রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দেয়া মোনাজাতে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনায় সংক্রমণের শুরুতে দক্ষিণাঞ্চলের মানুষের কথা চিন্তা করে বিভাগের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র ১০ দিনে প্রথম পিসিআর ল্যাবটি স্থাপন করেন। যা এখন দক্ষিণাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া পটুয়াখালীতেও নতুন ল্যাব স্থাপনের জন্য স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা দক্ষিণাঞ্চলের মানুষ সবসময় অবহেলিত ছিলাম। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু দক্ষিণাঞ্চলের মানুষ, তাই তার দক্ষিণাঞ্চলের মানুষের প্রতি একটা আলাদা টান রয়েছে। শুধু পানিসম্পদ মন্ত্রণালয়ের যদি কথা বলি, তবে বরিশালে অনেকগুলো প্রকল্প আমাদের চলমান রয়েছে, অনেকগুলো প্রক্রিয়াধীন রয়েছে। যেগুলো শেষ হলে বরিশাল অঞ্চল অর্থাৎ বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, ঝালকাঠি, বরগুনাতে নদী ভঙন কমে আসবে।

তবে মনে রাখতে হবে, আমরা ভাটির দেশের লোক। আমাদের উজানে ভারত, নেপাল, ভুটানের মতো দেশ রয়েছে। বর্ষায় যেমন এসব দেশের পানি আমাদের নদীগুলো হয়ে সাগরে যায়, তেমনি জলবাযু পরিবর্তনের কারণেও বর্ষাসহ প্রাকৃতিক দূর্যোগের পরিমান বেড়েছে। ফলে বর্ষায় নদীগুলো দিয়ে যে পানি প্রবাহিত হচ্ছে, তার পরিমান বেশি হওয়ায় গ্রামগুলো প্লাবিত হচ্ছে। আর উজান থেকে আসা পানির সাথে প্রচুর পরিমানে পলি এসে নদীর তলদেশে জমছে।

এ সময় উপস্থিত ছিলেন জামে এবায়েদুল্লাহ মসজিদের ইমাম নুরুর রহমান বেগ, মহানগর আওয়ামী লীগ নেতা মাহামুদুল হক খান মামুন সহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ইত্তেফাক/কেকে