উখিয়ার পাহাড়ে দুই ‘অস্ত্র তৈরির কারিগর’ আটক

কক্সবাজারের উখিয়ার পালংখালীর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড় থেকে আগ্নেয়াস্ত্র ও বেশকিছু সরঞ্জামাদিসহ দুই কারিগরকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২অক্টোবর ) রাত ৮টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মধুরছড়া পাহাড়ে এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান।

আটকরা হলেন, মহেশখালী উপজেলার বাসিন্দা আবু মজিদ ওরফে কানা মজিদ ও রবি আলম। তারা অস্ত্র তৈরির কারিগর।

র‌্যাব জানিয়েছে, আটকরা দীর্ঘদিন ধরে পালংখালীর গহীন পাহাড়ী এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরি করে রোহিঙ্গাদের মাঝে সরবরাহ করে আসছিল।

মেজর মেহেদী বলেন, পালংখালীর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত গহীন পাহাড়ে কিছু অস্ত্র ব্যবসায়ি অবস্থান করছে, শুক্রবার বিকালে পাওয়া এমন খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। রাত ৮টার দিকে মধুরছড়া নামক পাহাড় থেকে ২ জনকে আটক করা হয়। তাদের অবস্থান নেয়া একটি কুড়ে ঘর থেকে দেশিয় তৈরি ২টি বন্দুক, ২ টি গুলি ও বেশকিছু অস্ত্র তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আটকরা মহেশখালী থেকে এসে পালংখালীর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ী এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরি করে রোহিঙ্গাদের কাছে সরবরাহ করত। তারা দীর্ঘদিন ধরে এ অস্ত্র তৈরি এ কাজ চালিয়ে আসছে। 

ইত্তেফাক/কেকে