রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ দুই শিক্ষার্থী সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুফাতো ভাই রিমনের মরদেহ আটদিন পর ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।
শনিবার সকালে পবা উপজেলার নবগঙ্গার ঘটনাস্থলেই গলিত মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। রাজশাহী মহানগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি মাসুদ এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে ১৩ জন যাত্রী নিয়ে রাজশাহীর পবার নবগঙ্গা এলাকায় ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটে। ঘটনার পরপরই ১১ জন স্থানীয়দের সহায়তায় উদ্ধার হলেও সূচনা ও রিমন নিখোঁজ হন। তাদের জীবীত বা মৃত না পেয়ে দুইদিন পর উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেয় ফায়ারসার্ভিস ও নৌ পুলিশসহ স্থানীয় প্রশাসন।
পারিবারিক সূত্রে জানা যায়, সাদিয়া আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) বিবিএ তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকার ধানমণ্ডি এলাকায় বসবাস করতেন। রাজশাহীর পবা উপজেলার খোলাবোনায় চাচা জালাল উদ্দিনের বাড়িতে বেড়াতে এসে পদ্মায় নৌ-ভ্রমণে গিয়েছিলেন তিনি। এছাড়া অপর মৃত রিমনের বাড়ি নওগাঁয়। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই-বোন।
এদিকে এ ঘটনায় দায়ের করা মামলায় এক সপ্তাহেও কাউকে গ্রেফতার করতে পারেনি নৌ পুলিশ। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর দামকুড়া থানায় রাজশাহী নৌ-পুলিশের কনস্টেবল শরিফুল ইসলাম বাদী হয়ে নৌকার দুই মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
ইত্তেফাক/এমআরএম