ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়া থেকেই বুঝা যায় যে মহামারিকে গুরুত্বসহকারে দেখা কতটা জরুরি ছিল। শুক্রবার যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় গিয়ে এমনটি বলেন বাইডেন।
এ সময় মার্কিনিদের উদ্দেশ্য করে বাইডেন বলেন, একজন শক্ত লোক হওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হলো মাস্ক পরা। এটি কোন রাজনীতির বিষয় নয়। এটা জোরালোভাবে স্মরণ করিয়ে দিলো যে মহামারিকে গুরুত্বসহকারে আমাদের নিতে হবে। এটি এমনি চলে যাবে না।
এদিকে ট্রাম্পের সঙ্গে বিতর্কে এক মঞ্চে থাকায় করোনা পরীক্ষা করিয়েছেন বাইডেন। তবে তার দেহে করোনা শনাক্ত হয়নি।
মাস্ক পরা নিয়ে বরাবরই অনীহা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে হওয়া প্রথম বিতর্কে বাইডেন মাস্ক পরায় উপহাস করেছিলেন ট্রাম্প।
ইত্তেফাক/এআর