রাঙ্গুনিয়ায় লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎকর্মী আহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পল্লী বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে একজন বিদ্যুৎ কর্মী গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার চন্দ্রঘোনা আধুরপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

আহত বিদ্যুৎ কর্মীর নাম মোহাম্মদ আবুল কাশেম (৪০)। পিতার নাম মোহাম্মদ সাজু । তার বাড়ি রংপুর জেলায়। বিদ্যুৎ স্পৃষ্টে তার শরিরের অধিকাংশ ঝলসে গেছে।  গুরুতর অবস্থায় তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাঙ্গুনিয়া পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মোকলেচুর রহমান জানান, আহত  বিদ্যুৎ কর্মী একজন ঠিকাদার শ্রমিক। সাটডাউন না নিয়ে  জনৈক জিয়া ঠিকাদারের অধীনে লাইনে কাজ করতে গিয়ে সে দুর্ঘটনার শিকার হয়।

পল্লীবিদ্যুৎ সমিতির স্থানীয় পরিচালক শিবু চন্দ জানান, লাইনে আপ- গ্রেডেশনের কাজ করার সময় উপরের উচ্চ ক্ষমতার লাইন থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে খুঁটির উপরে বিদ্যুতের তারে আটকা পড়ে। পরে সহকর্মীরা ৪০ ফুট উচ্চতার খুঁটির উপর থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়।

ইত্তেফাক/এমআরএম