ভাঁজ করা আইফোন আনছে অ্যাপল

মোজাহেদুল ইসলাম

 

এত দিন বৈজ্ঞানিক কল্পকাহিনিতে ছিল ভাঁজ স্মার্টফোন। কিন্তু ধীরে ধীরে তা বাস্তবের প্রযুক্তিপণ্য হয়ে উঠছে। এ তালিকায় পিছিয়ে থাকতে চাইছে না মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলও।

তারা এমন এক মোবাইল ফোনের স্ক্রিনের নকশা করছে যা ফেটে গেলে নিজে থেকেই সেরে উঠবে। চাইলে এ ধরনের স্ক্রিনযুক্ত স্মার্টফোন ভাঁজ করে পকেটেও রাখা যাবে। নিজে থেকে সেরে উঠতে সক্ষম এমন ডিসপ্লের জন্য পেটেন্ট আবেদন করেছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ভাঁজ করা আইফোন বাজারে আনতে পারে অ্যাপল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ ম্যাকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাজারবিশ্লেষকদের মতে, কোনো ডিসপ্লে যখন ভাঁজ করা হয়, তখন ধুলা বা অন্য ময়লা আটকে স্ক্রিনের ক্ষতি হতে পারে। অ্যাপলের নতুন উদ্ভাবনে এ সমস্যা সমাধান করা হয়েছে।

পেটেন্ট আবেদন অনুযায়ী, ডিভাইসটিতে কোনো সমস্যা হলে তা স্বয়ংক্রিয়ভাবে সেরে যাবে। এতে ব্যবহারকারীকে কিছু করতে হবে না। স্ক্রিনে স্বয়ংক্রিয় সেরে ওঠার উপাদান বা কোটিং ব্যবহার করা হবে।

অ্যাপলের পক্ষ থেকে অবশ্য নতুন প্রযুক্তি বাজারে আনার ক্ষেত্রে কোনো তাড়াহুড়া নেই। তবে যেকোনো সময় ভাঁজ করা ফোনের বাজারে অ্যাপল আসবে, তা স্পষ্ট হয়ে উঠেছে। এ ধরনের ফোনের ক্ষেত্রে অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক পর্যন্ত আগ্রহ দেখিয়েছেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যাপল ইনসাইডারের তথ্য অনুযায়ী, ২০২২ সালে অ্যাপল নতুন আইফোন হিসেবে ‘আইফোন ১৩’ মডেল আনবে বলে গুঞ্জন ছড়িয়েছে।

দুই বছর পরে সাশ্রয়ী দামের ছোট আকারের আইফোন এসই মডেলটিতে ৫-জি নেটওয়ার্কের সুবিধা যুক্ত করে বাজারে ছাড়তে পারে প্রতিষ্ঠানটি। এতে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতে পারে।

ডিসপ্লে বিশেষজ্ঞ রস ইয়াং বলেন, ২০২১ সালে নতুন আইফোন এসই হয়তো অ্যাপল আনবে না। তার পরের বছরে কম দামের আইফোন বাজারে আসতে পারে।

৬ দশমিক শূন্য ৬ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ফোনটিতে টাচ আইডি সেন্সর ছাড়াও নতুন বেশি কিছু ফিচার থাকবে। আইফোন ১৩ মিনি ও আইফোন ১৩ মডেলের পাশাপাশি ভাঁজ করা ফোনও আনতে পারে অ্যাপল।