অনলাইনে যানবাহনের ফিটনেস সনদ নবায়নের অ্যাপয়েন্টমেন্ট দেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ।
বিআরটিএর bsp.brta.gov.bd ওয়েবসাইট হতে এ সেবা পাওয়া যাবে। সাইটে গ্রাহকের নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্রের নম্বর, মোবাইল নম্বর দিয়ে প্রথমে নিবন্ধন করতে হবে। এরপর ‘ফিটনেস এপয়েন্টমেন্ট সময়সূচি’ অপশনে গিয়ে ‘মোটরযান সংযুক্ত করুন’ অপশনে যানবাহনের বিস্তারিত তথ্য দিতে হবে। এতে কোন তারিখে এবং কোন সার্কেল থেকে ফিটনেস নবায়ন করতে চান তা সিলেক্ট করে দিতে হবে।
অ্যাপয়েন্টমেন্টের জন্য সকাল ৯টা থেকে ১১টা, ১১টা থেকে ১টা, দুপুর ২টা থেকে ৪টা এবং ৪টা থেকে ৫টা স্লটের মধ্যে যেকোনোটা বেছে নেয়া যাবে। সব তথ্য দেয়ার পর গ্রাহক এসএমএসে তারিখ ও সময় পাবেন।
১৫ অক্টোবর থেকে এ সেবা পাওয়া যাবে। শুরুতে ঢাকা মেট্রো সার্কেল, মিরপুর, ইকুরিয়া ও দিয়াবাড়িতে এবং পর্যায়ক্রমে সারাদেশ তা চালু করা হবে।
অনলাইনে অ্যাপয়েন্টেমেন্ট দেয়া হবে একদম বিনামূল্যে। নির্ধারিত তারিখ মিস করলে অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়ে যাবে। পরবর্তীতে নতুন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর গ্রাহকদের বিআরটিএতে যাওয়ার আগে আয়করসহ যানবাহনের অন্যান্য ফি পরিশোধ করে মানি রিসিট সংগ্রহ করে নিতে বলা হয়েছে।