করোনায় আক্রান্ত নন বাইডেন ও মাইক পেন্স

ইত্তেফাক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর থেকেই ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনকে নিয়েও কৌতূহল শুরু হয়। অনেকের মনে সংশয় ছিল তারাও করোনায় আক্রান্ত কি না। কিন্তু পরীক্ষায় দুই জনই করোনা নেগেটিভ প্রমাণিত হয়েছেন।

ডোনাল্ড ট্রাম্পের সংস্পর্শে থাকা ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রীরও করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। পেন্সের মুখপাত্র জানান, ট্রাম্পের আক্রান্ত হওয়ার খবর পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সস্ত্রীক করোনা পরীক্ষা করিয়েছিলেন মাইক পেন্স। পরীক্ষায় দুই জনেরই ফল ‘নেগেটিভ’ এসেছে। পেন্সের প্রেস সেক্রেটারি বলেছেন, ভাইস প্রেসিডেন্ট ভালো আছেন এবং তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

 ট্রাম্প আক্রান্ত হওয়ার পর ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনও আক্রান্ত কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। বিশেষ করে গত মঙ্গলবার ওহাইও অঙ্গরাজ্যের প্রেসিডেন্ট নির্বাচনি বিতর্কে ট্রাম্পের সঙ্গে একই মঞ্চে থাকায় বাইডেন আক্রান্ত হতে পারেন বলে উদ্বেগ ছিল। এ উদ্বেগের কারণে শুক্রবার সকালেই বাইডেনের পাশাপাশি তার স্ত্রীরও করোনা পরীক্ষা করা হয়। এরপর বাইডেন জানান, তাদের দুই জনেরই পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে।—বিবিসি