বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
টানা বৃষ্টির কারণে বদলগাছীতে আগাম শীতকালীন সবজি চাষ করে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা।
বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বছর শীতের শুরুতে সবজি চাষ করে বাজারে আমদানি করে অনেক লাভবান হন চাষি। কিন্তু এ বছর অতিরিক্ত বর্ষার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরজমিনে দেখা গেছে, আগাম জাতের শিম, বেগুন, মুলা, কপি ও অন্য চারাগুলোর গোড়া অতিরিক্ত বর্ষার কারণে পচে যাওয়ার উপক্রম হয়েছে। কোলা ইউপির সুতাহাটি গ্রামের কৃষক ফজলে মওলা বলেন, আমি ১২ কাঠা জমিতে ২ হাজার ২০০ ফুলকপির চারা রোপণ করেছি আশা ছিল শীতের শুরুতে ফুলকপি বাজারে তুলে প্রতি পিচ ৩৫-৪০ টাকা দরে বিক্রি হবে। কিন্তু ঘনঘন বৃষ্টির কারণে চারা নষ্ট হয়ে যাচ্ছে। এতে অনেক লোকসান গুনতে হবে। মথুরাপুর ইউপির কদমগাছী গ্রামের কৃষক আলামিন বলেন, বেশি দাম পাওয়ার আশায় ১৮ কাঠা জমিতে বেগুন চাষ করেছি। বর্ষায় চারা মাটিতে পড়ে গোড়ায় পচন ধরেছে।
কোলা ইউপির পুখুরিয়া গ্রামের আ. সালাম বলেন, অনেক খরচ করে আমি ১৪ কাঠা জমিতে শিম চাষ করেছি। কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে শিমগাছ লাল বর্ণ হয়ে নষ্ট হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী বলেন, বদলগাছীতে এবার প্রায় ১১ হাজার হেক্টর জমিতে শিমসহ বিভিন্ন শীতকালীন আগাম সবজি চাষ হয়েছে। কিন্তু বেশি বৃষ্টির কারণে অনেক রোপণ সবজি নষ্ট হয়ে যাচ্ছে।