মেহেরপুরে অতিবৃষ্টিতে সবজির জোগান কম বেড়েছে দাম

মেহেরপুর প্রতিনিধি

সবজি চাষে অনন্য মেহেরপুর জেলা। চলতি মৌসুমে অতিবৃষ্টিতে সবজি উত্পাদনে ধস নামায় চাহিদার তুলনায় জোগান দিতে পারছেন না চাষিরা। ফলে সবজির দাম প্রতিনিয়ত বেড়ে চলেছে।

শনিবার মেহেরপুরের বড়বাজারের কাঁচাপট্টি ও আড়ত পট্টিতে গিয়ে জানা গেছে, প্রতি কেজি শসার পাইকারি মূল্য ৬০ টাকা, খুচরা মূল্য ৮০, পটল পাইকারি মূল্য ৪৫ টাকা, খুচরা মূল্য ৬০, করলা পাইকারি মূল্য ৫০, খুচরা মূল্য ৫৫ টাকা, বেগুন পাইকারি মূল্য ৫০ টাকা, খুচরা মূল্য ৬০, আলু পাইকারি মূল্য ৩৩ টাকা, খুচরা মূল্য ৩৮, কচু পাইকারি মূল্য ২৫ টাকা, খুচরা মূল্য ৩০, পেঁয়াজ পাইকারি মূল্য ৬০ টাকা, খুচরা মূল্য ৮০, রসুন পাইকারি মূল্য ৮০ টাকা, খুচরা মূল্য ৯০, লাউ পাইকারি মূল্য ৪২ টাকা, খুচরা মূল্য ৫০, কাঁচা মরিচ পাইকারি মূল্য ১৪০ টাকা, খুচরা মূল্য ১৬০ টাকা করে বিক্রি হচ্ছে।

কাঁচা বাজারের খুচরা ব্যবসায়ী শামীম আহমেদ এবং রিন্টু হোসেন জানান, যে পরিমাণ কাঁচামাল বাজারে আসছে তার অধিকাংশ ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রামসহ জেলার বাইরে চলে যাচ্ছে। চাহিদা অনুযায়ী আমরা কাঁচামাল পাচ্ছি না। সে কারণে সব সবজির দাম একটু বেশি।