রাজশাহীতে নৌকাডুবিতে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ দুই শিক্ষার্থী সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুপাতো ভাই রিমনের লাশ আট দিন পর উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার সকালে পবা উপজেলার নবগঙ্গা এলাকা থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করা হয়। রাজশাহী মহানগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি মাসুদ এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর পবার নবগঙ্গা এলাকায় পদ্মা নদীতে ১৩ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় উদ্ধার হলেও সূচনা ও রিমন নিখোঁজ থাকে। দুই দিন উদ্ধার কার্যক্রম চালিয়ে লাশ না পেয়ে সমাপ্তি করে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশসহ স্থানীয় প্রশাসন।

মৃত সূচনা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন। আর রিমনের বাড়ি নওগাঁয়। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো ভাইবোন।