গণিতের চর্চা মানুষের বিশ্লেষণী ক্ষমতা বাড়ায় ----চুয়েট ভিসি

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, আমাদের ছেলেমেয়েদের কাছে ছোটবেলা থেকে গণিত একটা ভীতিকর বিষয়। কিন্তু গণিত আসলেই একটা মজার বিষয়। গণিতের উন্নতির সঙ্গে মানব সভ্যতার উন্নতি হয়েছে। জীবনকে নিয়মমাফিক পরিচালনার জন্য ন্যূনতম গণিতের জ্ঞান অপরিহার্য। গণিতের চর্চা মানুষের বিশ্লেষণী ক্ষমতা বাড়ায়। গাণিতিক যুক্তি ব্যবহার করে প্রকৌশলীরা সহজেই প্রতিনিয়ত পরিবর্তনশীল পৃথিবীর চ্যালেঞ্জগুলো মোকাবিলার মাধ্যমে জীবনকে সহজ করে তুলেছে। শনিবার চুয়েট গণিত বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ গণিত সমিতির সহযোগিতায় ‘গণিত এবং এর প্রয়োগ’ (Mathematics and Its Application) শীর্ষক এক ওয়েবইনার উদ্বোধন শেষে ভিসি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. নুরুল আলম খান। সভাপতিত্ব করেন চুয়েটের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব।