যে শব্দ উচ্চারণ করতে লজ্জায় নিচু হয়ে যায় মাথা, তার শিকার নারী সমাজে হয় নিগ্রহ। স্বাধীন দেশে নারী কোথায় নিরাপদ? যার হাতে কন্যা সমর্পণ করে বাবা-মা স্বস্তির নিশ্বাস ফেলেন, সেই স্বামীও তার স্ত্রীর সম্ভ্রম রক্ষা করতে পারছে না। বলছিলাম সিলেটের এম সি কলেজে গৃহবধু ধর্ষণ হওয়ার কথা। যখন করোনা মহামারিতে মানুষ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, এমন পরিস্থিতিও দমাতে পারেনি ধর্ষক নামক নরপশুদের। সিলেটে আক্রান্ত তরুণী আদালতে তার ওপর সংঘটিত মধ্যযুগীয় বর্বরতার বর্ণনা দিয়েছেন। ধর্ষকের জন্য যাবজ্জীবন কারাদণ্ড ও ধর্ষণ করে হত্যা করলে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। কঠোর হস্তে এ অপরাধ দমানো না গেলে ইতিবাচক সব অর্জন ম্লান হয়ে যাবে। ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড অবশ্যই হতে হবে। একটি সমাজ কতটা গণতান্ত্রিক কতখানি মানবিক তা বোঝানোর যতগুলো মাপকাঠি আছে তার মধ্যে অন্যতম হলো নারীরা সমাজে কতটা স্বচ্ছন্দে চলতে পারে। তাই সরকারকে কঠোর কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মোহাম্মদ তোফাজ্জল হোসেন
পল্লবী, ঢাকা