ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় অতীতের প্রতিষ্ঠান যথেষ্ট নয়

সানেমের সম্মেলনে বক্তারা

ইত্তেফাক রিপোর্ট

কোভিড-১৯ শুধু জনস্বাস্থ্য সংকটই নয়, এটি রাজনৈতিক-অর্থনৈতিক ইস্যুও। স্বাস্থ্য খাতে সব দেশেরই বাড়তি ব্যয় করতে হচ্ছে। কিন্তু এর সঙ্গে সুশাসনের বিষয়টি রয়েছে। তাছাড়া করোনা পরবর্তী অর্থনৈতিক অবস্থা নিয়ে ভাবতে হবে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য অতীতের প্রতিষ্ঠান যথেষ্ট নয়।

শুক্রবার বিকালে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর উদ্যোগে সানেম ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২০-এর দ্বিতীয় দিনের আলোচনায় বক্তারা এ কথা বলেন। এই সম্মেলনের প্রতিপাদ্য ‘কোভিড-১৯ এবং উন্নয়নের চ্যালেঞ্জ’। অনলাইনে ওয়েব কনফারেন্সের মাধ্যমে এই সম্মেলন আয়োজিত হচ্ছে। সম্মেলনের দ্বিতীয় দিনে তিনটি সেশন আয়োজিত হয়।

‘সামষ্টিক অর্থনীতির প্রভাব’-এর ওপর আয়োজিত প্রথম সেশনটিতে সভাপতিত্ব করেন শ্রীলঙ্কার ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজের নির্বাহী পরিচালক ড. দুশনি উইরাকুন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের গবেষণা পরিচালক ড. এম এ রাজ্জাক। সূচনা বক্তব্যে ড. উইরাকুন বলেন, কোভিড-১৯-এর প্রভাব প্রথমে সরবরাহ খাতে পড়লেও, দ্রুতই চাহিদার ওপরও নেতিবাচক প্রভাব পড়া শুরু করে।

গবেষণা প্রবন্ধগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে ড. এম এ রাজ্জাক বলেন, অভ্যন্তরীণ অর্থনীতিতে পরবর্তী বিনিয়োগের উত্স কী হবে সেটি নিয়ে চিন্তা করতে হবে। ‘অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক দিনের দ্বিতীয় সেশনটিতে সভাপতিত্ব করেন ইউএনডিপির হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অফিসের সাবেক পরিচালক ড. সেলিম জাহান। তিনি বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য অতীতের প্রতিষ্ঠান যথেষ্ট নয়। কোভিড-১৯ শুধু একটি জনস্বাস্থ্য সংকটই নয়, এটি রাজনৈতিক-অর্থনৈতিক ইস্যুও।

বিভিন্ন গবেষণা প্রবন্ধগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, স্বল্পোন্নত দেশগুলোতে জনগণের চলাফেরা সীমিত করতে বিভিন্ন বিধিনিষেধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা আছে। এক্ষেত্রে রাষ্ট্রের সক্ষমতা এবং জনগণের নিয়ম মানার অভ্যাস ইত্যাদি বিবেচনা নিতে হবে বলে তিনি মন্তব্য করেন। গবেষণা প্রবন্ধগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে সানেমের চেয়ারম্যান ড. বজলুল হক খন্দকার বলেন, সুশাসন না থাকায় বিভিন্ন স্বল্পোন্নত এবং উন্নয়নশীল দেশের স্বাস্থ্য খাতে অতিরিক্ত অর্থ বিনিয়োগ করলেও ঐ খাতগুলো সেটি ঠিকমতো ব্যবহার করতে পারবে না।