আগ্রহ হারানোর শীর্ষে তুং হাই নিটিং

ইত্তেফাক রিপোর্ট

গত সপ্তাহে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় শীর্ষ স্থানে ছিল তুং হাই নিটিং অ্যান্ড ডাইং। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহ জুড়েই দাম কমেছে। আর সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে মাত্র ১ কোটি ১১ লাখ ৪৫ হাজার টাকা। প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ২২ লাখ ২৯ হাজার টাকা। অপরদিকে শেয়ারের দাম কমেছে ১৪ দশমিক ২৯ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৮০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে চার টাকা ২০ পয়সা, যা তার আগের সপ্তাহ শেষে ছিল পাঁচ টাকা।

কোম্পানিটির শেয়ারের এমন করুণ দশার মূল কারণ হলো বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে না পারা। ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি ২০১৬ সালের পর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। তালিকাভুক্তির বছর ২০১৪ সালে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল। এরপর ২০১৬ সালে আবার ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়।