নাদালের জয়রথ চলছেই

স্পোর্টস ডেস্ক

ক্লে কোর্ট সম্রাট রাফায়েল নাদাল ফরাসি ওপেনে এগিয়ে চলেছেন অদম্য গতিতে। তৃতীয় রাউন্ডে ইতালির স্তেফানো ত্রাভাগলিয়াকে সরাসরি সেটে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন তিনি। ডমিনিক থিয়েম, আলেক্সান্ডার জেরেভরাও জয় পেয়েছেন, তবে বিদায় নিয়েছেন গ্রিক খেলোয়াড় স্টেফানোস সিটসিপাস। নারী এককে সিমোনা হ্যালেপও জয়ের ধারায় আছেন।

রোলাঁ গারোঁয় চলতি আসরে এখনো কোনো সেট হারেননি নাদাল। এমন অদম্য ফরমটা শুক্রবার রাতেও ধরে রেখে ৬-১, ৬-৪, ৬-০ গেমে জেতেন ২০তম গ্র্যান্ডস্ল্যামের সন্ধানে থাকা এই স্প্যানিশ তারকা। শেষ ষোলোয় তিনি খেলবেন সেবাস্টিয়ান কোর্ডার বিপক্ষে।  ক্যাম্পার রুডকে হারিয়ে থিয়েম ও মার্কো কেচিনাতোকে হারিয়ে জেরেভও শেষ ষোলোয় পা রেখেছেন। তবে ফরাসি প্রতিপক্ষ হুগো গাস্তনের বিপক্ষে ৬-২, ৩-৬, ৩-৬, ৬-৪, ৬-০ গেমে হেরে বিদায় নিয়েছেন সিটসিপাস।

নারী এককে আমান্ডা আনিসিমোভাকে মাত্র ৫৪ মিনিটে ৬-০, ৬-১ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠে গেছেন ফেবারিট সিমোনা হালেপ।