শেষ হলো প্রাচ্যনাটের মাসব্যাপী নাট্যোত্সব

ইত্তেফাক রিপোর্ট

প্রাচ্যনাটের মাসব্যাপী ‘মহলা লগন’ উত্সব শেষ হলো। করোনা মহামারির মধ্যেই সেপ্টেম্বরে প্রাচ্যনাট শুরু করে মাসব্যাপী নাট্যোত্সব। কাঁটাবনের নিজস্ব মহড়াকক্ষেই আয়োজন করা হয় উত্সবের। ‘অবসাদ বিরুদ্ধ স্রোত’ স্লোগানে সেখানেই অনুষ্ঠিত হয় ‘মহলা লগন’ নামের উঠান নাট্যমেলা। এই সংক্রমণের সময়েও নাটক প্রদর্শনীতে দর্শকের ছিল আগ্রহ। প্রতিটি প্রদর্শনী দর্শকে পরিপূর্ণ ছিল। স্বাস্থ্যবিধি মেনে কুড়ি জনের সীমিতসংখ্যক আসনে প্রদর্শনীগুলো অনুষ্ঠিত হয়। উত্সবটির শেষ দিন ছিল গতকাল শনিবার। এদিন সন্ধ্যায় মঞ্চস্থ হয় ‘ফাউস্ট অথবা অন্য কেউ’ শিরোনামের নাটক।

প্রাচ্যনাটের সদস্য সাইফুল জার্নাল বলেন, মহামারির মধ্যে দলের সব সদস্যের আবেগ জড়িয়ে ছিল এই উদ্যোগের সঙ্গে। ক্রান্তিকালে কিছু একটা করার তাগিদ ছিল সবার মধ্যে। এরপর দলের নতুন নাটকগুলো নিয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হয় উত্সব। এখন থেকে আমরা এই মহড়াকক্ষে নিয়মিত নাটক মঞ্চায়নের চিন্তা করছি। প্রতি সপ্তাহে অন্তত একটি নাটক মঞ্চস্থ হবে এখানে।

‘ফাউস্ট অথবা অন্য কেউ’ নাটকটির ভাবনা, তত্ত্বাবধান ও অভিনয়ে রয়েছেন তানজি কুন, চেতনা রহমান ভাষা, প্রজ্ঞা তাসনুভা রুবাইয়াত্, গোপী দেবনাথ, সাফায়াত খান ও ফয়সাল ইবনে মিজান। পুঁজিবাদী সমাজব্যবস্থায় স্বার্থ আর দ্বন্দ্ব উঠে এসেছে নাটকের কাহিনিতে। প্রদর্শনী শেষে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মানসিক স্বাস্থ্যবিষয়ক আলোচনা ‘মনোসামাজিক বিশ্লেষণ ও বর্তমান’।