কুরিয়ার সার্ভিসের নামে জালিয়াতি, গ্রেফতার ৫

বিশেষ প্রতিনিধি

বিভিন্ন সরকারি অফিস ও গুরুত্বপূর্ণ সংস্থার ভুয়া সিল ও স্বাক্ষর জালিয়াতি করে প্রতারণার আশ্রয়ে কুরিয়ার সার্ভিস ব্যবসা পরিচালনা করার অভিযোগে এ.জে.আর পারসেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের পাঁচ সদস্য গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার উত্তরা পূর্ব থানাপুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—মাহাবুবুর রহমান, আল আমিন, গিয়াস উদ্দিন, সেলিম দেওয়ান ও মান্নান। এ সময় তাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিস পরিচালনার ভুয়া কাগজপত্র ও জালিয়াতির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ জানায়, এ.জে.আর পারসেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস উত্তরা ৬ নম্বর সেক্টরের ভাড়াবাড়িতে ব্যবসা পরিচালনা করে আসছে। আবাসিক এলাকায় ব্যবসা পরিচালনাকে কেন্দ্র করে ৬ নম্বর সেক্টরের কল্যাণ সমিতির সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধেকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ডিএমপি কমিশনার বরাবর অভিযোগ করা হয়।

ডিএমপির এয়ারপোর্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তাপস কুমার দাস জানান, তদন্তকালে এ.জে.আর পারসেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে ব্যবসা পরিচালনার সপক্ষে কাগজপত্র উপস্থাপন করে। উপস্থাপিত কাগজপত্র পর্যালোচনায় দেখা যায় উলটো কুরিয়ার সার্ভিসটিই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিএমপি কমিশনার, ডিআইজি (ঢাকা রেঞ্জ) সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থার ভুয়া সিল ও স্বাক্ষর জালিয়াতি করে ব্যবসা পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা হয়েছে।