ভিয়েতনাম ও কাতারফেরত ২০ জনের জামিন

বিশেষ প্রতিনিধি

এক মাস কারাগারে থাকার পর জামিন পেলেন ভিয়েতনাম ও কাতারফেরত ২০ বাংলাদেশি। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী গত ১ অক্টোবর জামিনের আদেশ দেন। তুরাগ থানার নন জিআর শাখার কর্মকর্তা এএসআই রবীন্দ্রনাথ রায় গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করেন। গত ১ সেপ্টেম্বর ভিয়েতনাম ও কাতারফেরত ৮৩ বাংলাদেশিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, এসব প্রবাসীরা উত্তরা দিয়াবাড়ি এলাকায় কোয়ারেন্টাইনে ছিলেন। কিন্তু সেখান থেকে তারা বাড়ি যাওয়ার চেষ্টা করছিলেন। পরে পর্যাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রবাসে থাকার সময় তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ আছে। এ কারণে গত ১৮ আগস্ট তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। দেশে আসার পর তাদের কোয়ারেন্টাইনে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা প্রত্যেকে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে ভিয়েতনামে গিয়েছিলেন বলেও পুলিশ জানায়।