সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সোনারগাঁওয়ে গাছে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের চেতরাপাশা এলাকা থেকে সানজিদা আক্তার নামে ঐ গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সানজিদার স্বামী শামীম মিয়াকে দুপুরে মদনপুর এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটককৃত শামীম কুমিল্লা জেলার বাঞ্ছারামপুর কাইরাকান্দি গ্রামের হিরন মিয়ার ছেলে। তারা মদনপুরের চাঁনপুর এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া।
এলাকাবাসী জানান, চোতরাপাশা গ্রামের মৃত সাফিজ উদ্দিনের মেয়ে সানজিদার সঙ্গে অটোরিকশা চালক শামীম মিয়ার পাঁচ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর সানজিদা জানতে পারেন তার স্বামী শামীম মাদকাসক্ত। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত শুক্রবার বিকালে সানজিদা তার বাবার বাড়ি আসবে বলে স্বামীর সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সন্ধ্যার দিকে তার স্বামী অটোরিকশায় তাকে সাদিপুর বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়ে বাড়িতে চলে যায়। গতকাল শনিবার সকালে বাবার বাড়ির পাশের পরিত্যক্ত একটি বাড়ির গাছে মাটিতে পা লাগা অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে । সানজিদার স্বামী শামীম মিয়া জানান, তার স্ত্রী বাড়িতে আশার কথা বললে সে তাকে সাদিপুর বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়ে বাড়িতে চলে যান। এরপর তার সঙ্গে আর যোগাযোগ হয়নি।
সানজিদার মা সালমা আক্তার জানান, বিয়ের পর থেকে তার মেয়ের সঙ্গে স্বামীর পরিবারের দ্বন্দ্ব চলছিল। তার জেরে তার মেয়েকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। তালতলা ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। গৃহবধূর স্বামী শামীমকে শ্বশুর বাড়ির লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে।