সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

টঙ্গীতে পাভেল (৮) নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানাপুলিশ। নিহত পাভেল গাজীপুরা কাজীপাড়া এলাকার মনির হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, গত ২৭ সেপ্টেম্বর সকালে বাড়ির সামনে খেলার সময় নিখোঁজ হয় পাভেল। শনিবার সকালে একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নকর্মীরা ভাসমান লাশ দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। টঙ্গী পূর্ব থানার এসআই মানিক মাহমুদ জানান, উদ্ধারকৃত লাশ গাজীপুর তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে  ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।