বরিশাল অফিস
বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের প্রধান সহকারীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভাগীয় শিক্ষা সর্বস্তরের কর্মচারীরা। শনিবার সকালে সৈয়দ হাতেম আলী কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তৃতা করেন সরকারি বিএম কলেজের প্রধান সহকারী হামিদুল ইসলাম, সরকারি মহিলা কলেজের প্রধান সহকারী সাবিহা সুলতানা, বরিশাল কলেজের প্রধান সহকারী মিরাজুল ইসলামসহ অন্যরা। বক্তারা কলেজের প্রধান সহকারী ওয়াহিদুজ্জামান সুমনের ওপর হামলাকারীদের বহিষ্কার, গ্রেফতার ও বিচারের দাবি জানান।
প্রসঙ্গত, গত বুধবার চাঁদার দাবিতে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ঢুকে প্রধান সহকারী ওয়াহিদুজ্জামান সুমনের ওপর হামলা চালায় ছাত্রলীগ পরিচয়দানকারী রাকিবের নেতৃত্বে পাঁচ-ছয় জন। অতর্কিত এ হামলায় আহত ওয়াহিদুজ্জামান সুমন চিকিত্সা শেষে কোতোয়ালি মডেল থানায় রাকিবকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।