স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজের বিরুদ্ধে গতকাল শনিবার ঝাড়ু ও লাঠি মিছিল করেছে দলটির একাংশের নেতাকর্মীরা। এ সময় মিছিলকারীরা জেলা যুবদলের সাবেক সভাপতি সিপার আল বখতিয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকে। অপর দিকে দুপুরে শহরে জেলা বিএনপির আহ্বায়ক জি এম সিরাজের সমর্থকরা মোটরসাইকেলে শোডাউন দেয়। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করে জেলা পুলিশ।
বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের মালতীনগর বকশীবাজার মোড় থেকে জেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা সিপারের কয়েক শ নারী-পুরুষ অনুসারী এমপি সিরাজের বিপক্ষে ঝাড়ু মিছিল বের করে। এ সময় নারীদের হাতে ঝাড়ু ও পুরুষদের হাতে লাঠি ছিল। পুলিশের উপস্থিতিতে মিছিলটি পিটিআই মোড়, ইয়াকুবিয়া স্কুল মোড় হয়ে সাতমাথা থেকে মালতীনগরে ফিরে আসে। এর মধ্যে পিটিআই মোড়ে বিক্ষোভকারীরা সাতমাথা-শেরপুর সড়ক অবরোধ করেন। বিক্ষোভকারীরা ঘোষণা দেন, সিপারের বহিষ্কারাদেশ তুলে নেওয়া না হলে বগুড়া অচল করে কর্মসূচি দেওয়া হবে। পরে পুলিশ অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে তারা মিছিল নিয়ে সাতমাথার দিকে যান। ঝাড়ু মিছিল শেষে বগুড়া সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ তার পক্ষের নেতাকর্মীদের মোটরসাইকেলের বহর নিয়ে আদালত চত্বরে যান। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচন উপলক্ষ্যে সেখানে সংসদ সদস্যের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। সেখানে তিনি জানান, সিপার আল বখতিয়ারকে জেলা বিএনপি বহিষ্কার করেনি। তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বিরোধও নেই।
দলীয় সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর বগুড়া জেলা, উপজেলা, শহর, পৌরসহ অঙ্গসংগঠনের সব কমিটির সভাপতি ও সম্পাদকদের নিয়ে শহরের নওয়াববাড়ী কার্যালয়ে প্রতিনিধি সভা চলছিল। এ সময় সেখানে হামলা ও ভাঙচুর হয়। এ ঘটনায় জেলা যুবদলের সাবেক সভাপতি ও পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিপার আল বখতিয়ারকে দায়ী করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা বিএনপির পক্ষ থেকে সুপারিশ করে কেন্দ্রে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার সিপারকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে বগুড়া বিএনপিতে উত্তেজনা বিরাজ করছে। যোগাযোগ করা হলে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, বগুড়া বিএনপি চলে জিয়া পরিবারের নির্দেশে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে সিপার আল বখতিয়ারকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
এ ব্যাপারে বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, বিএনপির সংসদ সদস্যের পক্ষে-বিপক্ষে মিছিল হয়েছে। উভয় পক্ষের হাতে লাঠি থাকার বিষয়টি পুলিশের নজরে এসেছে। এজন্য উভয় পক্ষের নেতাদের মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যে কেউ এ রকম কর্মকাণ্ড করলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।