ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রীর মৃত্যুর ঘটনায় তার মা হালিমা খাতুন বাদী হয়ে শৈলকুপা থানায় ধর্ষণের মামলা করেছেন। শৈলকুপা থানার পুলিশ পরিদর্শক মুহসিন আলী জানান, ‘মামলায় আট জনের নাম উল্লেখ করে আরো চার-পাঁচ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে। তবে মামলার মূল আসামি জামিরুলকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন শেখপাড়া গ্রামের আমিরুল ইসলাম, নজরুল ইসলাম, লাবিদ ও তন্ময়। মামলার এজাহারে বলা হয়, জামিরুল ইসলামের সঙ্গে বাদীর মেজো মেয়ের প্রায় ১২ বছর আগে বিয়ে হয়। বিয়ে পর থেকে জামিরুল স্ত্রীকে নির্যাতন করত। গত বছর তার মেয়ে জামিরুলকে তালাক দেয়। এরপর থেকে জামিরুল ক্ষিপ্ত হয়ে তাদের পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। বৃহস্পতিবার রাতে সে দলবল নিয়ে এসে হামলা ও ভাঙচুর করে। এরপর দোতলায় ছোট মেয়ের ঘরে ঢুকে জামিরুল তাকে ধর্ষণ করে। অন্য আসামিরা তাকে সহায়তা করে। অপমান ও দুঃখে তিন্নি ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান, ঘটনাটি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। ইতিমধ্যে চার জনকে আটক করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে শনিবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেটে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। তারা আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।