বরিশালে গৃহবধূর লাশ উদ্ধার স্বামী আটক

বরিশাল নগরীর অমৃত লাল দে সড়কের নিজ বাসা থেকে গৃহবধূ তিশা কর্মকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী বাপ্পি কর্মকারকে আটক করা হয়েছে বলে জানান বরিশাল কোতোয়ালি মডেল থানাপুলিশের সহকারী কমিশনার মো. রাসেল আহমেদ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাত ১টার দিকে কর্মকার ভবনের তৃতীয় তলার ভাড়া বাসায় নিজ কক্ষে তিশা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি ধামাচাপা দিতে দৌড়ঝাঁপ করলেও শনিবার দুপুরের দিকে বিষয়টি জানাজানি হয়। মৃত তিশা কর্মকার পিরোজপুরের স্বরূপকাঠি এলাকার বাঁশতলা গ্রামের সুকদেব কর্মকারের মেয়ে। তিন বছর আগে অমৃত লাল দে সড়কের বাসিন্দা রবিন কর্মকারের ছেলে বাপ্পি কর্মকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।