করোনায় চার মাসে সর্বনিম্ন মৃত্যু

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরো ২০ জনের মৃত্যু হয়েছে, যা চার মাসে সর্বনিম্ন। এর আগে সবচেয়ে কম মৃত্যু হয়েছিল গত ২৮ মে। সেদিন ১৫ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তারপর থেকে মৃত্যুর সংখ্যার গ্রাফ ঊর্ধ্বমুখী হয়ে গত ৩০ জুন ৬৪ জনে পৌঁছেছিল। দেশে এক দিনে মৃত্যুর সেটাই সর্বোচ্চ সংখ্যা।

গতকাল শনিবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির সবশেষ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ২০ জনের ?মৃত্যু হওয়ায় দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা  ৫ হাজর ৩২৫ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮২ জন নতুন রোগী শনাক্ত করেছে। তা নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৬৭ হাজার ৫৬৫ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৪৪২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৮০ হাজার ৬৯ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৯টি ল্যাবে ৯ হাজার ৫৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৭৯ হাজার ৮০৫টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৩৭ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৮ দশমিক ৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ২০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৭ জন, নারী তিন জন। এরা প্রত্যেকেই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে ১০ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ছয় জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ১০ বছরের কম ছিল। মৃতদের ১২ জন ঢাকা বিভাগের, তিন জন চট্টগ্রাম বিভাগের, তিন জন রংপুর বিভাগের, এক জন সিলেট বিভাগের এবং এক জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৫ হাজার ৩২৫ জনের মধ্যে ৪ হাজার ১২১ জনই পুরুষ এবং ১ হাজার ২০৪ জন নারী।