মধুরছড়া জঙ্গল থেকে দুই কারিগরসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মধুরছড়া জঙ্গলে অভিযান চালিয়ে দুই জন অস্ত্র তৈরির কারিগরকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তিনটি অস্ত্র, দুইটি গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেন র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

গ্রেফতারকৃতরা হলেন মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মৌলভীকাটা গ্রামের আনোয়ার ও অন্যজন একই উপজেলার নতুনবাজারের মগরিকাটা গ্রামের মো. এখলাস। তারা দুই জনই অস্ত্র তৈরির কারিগর। তারা জানিয়েছেন, আবু মুজিব নামে এক ব্যক্তি অস্ত্র তৈরির জন্য তাদের মহেশখালী থেকে নিয়ে এসে মধুরছড়া জঙ্গলে একটি টিনের ঘর নির্মাণ করে দেয়। উখিয়া থানার                 অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী আস্তানার ভেতরে-বাইরে আশপাশে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মামলার পর গতকাল তাদের উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।