সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহুল প্রত্যাশিত সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে আজ রবিবার থেকে। বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানান, রবিবার সকাল ১১টা ১৫ মিনিটে ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে সিলেট ত্যাগ করবে। ড্রিমলাইনার-৯ ফ্লাইটের যাত্রী ধারণক্ষমতা ২৬০। শেষ খবর পর্যন্ত এ ফ্লাইটের ২১০টি সিট বুক হয়েছে। 

সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগে সিলেটে ও লন্ডনে বাংলাদেশিরা উত্ফুল্ল। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার সুফি সুহেল আহমদ বিমানের সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর মাধ্যমে প্রবাসীদের অন্যতম একটি দাবি পূরণ হয়েছে। সিলেটে ওসামানী আন্তর্জাতিক বিমানবন্দরকে উন্নত বিশ্বের মতো সুবিধা সংবলিত বিমানবন্দরে রূপান্তরের প্রক্রিয়া শুরু করায় সরকারকেও ধন্যবাদ জানান তারা।  দীর্ঘ প্রায় এক যুগ পর বিমানের সরাসরি        সিলেট-লন্ডন ফ্লাইট আবার চালু হওয়ায় সিলেটে ও লন্ডনে প্রবাসীদের মধ্যে আনন্দ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, এই রুটে ফ্লাইট চালু হলে কমবে যাত্রী হয়রানি, বাড়বে যাত্রী সংখ্যা।

বিমান সূত্র জানায়, ঘন কুয়াশার অজুহাতে ২০১১ সালের ১৫ ডিসেম্বর বন্ধ হয়ে যায় সিলেট-দুবাই-লন্ডন ফ্লাইট। এরপর সিলেট বিমানবন্দরে রিফুয়েলিং স্টেশন না থাকার অজুহাতে এই রুটে আর বিমান চালু করা হয়নি। যদিও ২০১৫ সালের মার্চ মাসে ওসমানীতে রিফুয়েলিং স্টেশন চালু হয়েছিল।

দীর্ঘদিন পর চলতি বছর এপ্রিলে সিলেট-লন্ডন-মানচেস্টার সরাসরি ফ্লাইট চালুর আশ্বাস দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী। কিন্তু করোনার কারণে এই প্রক্রিয়ারও আর অগ্রগতি হয়নি।

২০১৮ সালে বিজয়ের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বিমানের বহরে যুক্ত হয় এয়ারক্রাফট ‘অচিন পাখি’। এটি লন্ডন থেকে যাত্রী নিয়ে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসত। কিন্তু ২০২০ সালের ১৬ জুলাই হঠাত্ লন্ডন-সিলেট সরাসরি এই ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এই রুটের যাত্রীদের ঢাকা হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করে অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটে ফেরার ব্যবস্থা করা হয়। এতে সিলেট আসা যাত্রীরা দুর্ভোগে পড়ে। যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসী ক্ষোভে ফেটে পড়ে। প্রতিবাদমুখর হয়ে ওঠে সিলেটেও।

এক মাস বন্ধ থাকার পর গত ১০ আগস্ট বিমানের বিজি-২০২ ‘অচিন পাখি’ এয়ারক্রাফটটি ১১৬ যাত্রী নিয়ে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সপ্তাহের প্রতি সোমবার লন্ডন-সিলেট-ঢাকা রুটে ফ্লাইট চলাচল শুরু হয়।

সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু উপলক্ষ্যে রবিবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান এবং বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান।

শনিবার বিমানের ডিজিএম (পিআর) তাহেরা খন্দকার সংবাদ মাধ্যমকে জানান, সিলেটবাসী এবং লন্ডন প্রবাসীদের ভ্রমণ আরো সহজ করতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মোবাইল অ্যাপস, সব সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com ও বিমানের কল সেন্টার (০১৭৭৭৭১৫৬১৩-১৬) থেকে সিলেট-লন্ডন-সিলেটসহ বিমানের সব রুটের টিকিট কেনা যাবে।